জ্বরগ্রস্ত হলে শরীর যখন দুর্বল হয়ে পড়ে, তখন সহজপাচ্য ও পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। এই সময়ে গরম-গরম স্টু একটি উপাদেয় বিকল্প হতে পারে। দিল আফরোজ এমন একটি রেসিপি দিয়েছেন, যা বাড়িতেই সহজেই তৈরি করা যায়।
এই রেসিপিটির জন্য প্রয়োজন: চামড়াসহ ১টি আস্ত মুরগি, মাখন ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, গোটা গোলমরিচ ১২টি, লবঙ্গ ৫টি, দারুচিনি ২ টুকরা, তেজপাতা ২টি, লম্বা মিহি আদাকুচি ১ চা-চামচ, রসুনকুচি ১ চা-চামচ, কুচি করা পেঁয়াজ ২টি, গোটা ছোট আলু ৭-৮টি, গাজরের টুকরা ১ কাপ, টুকরা করা সেলারি (পাথুনিশাক) ১টি ডাঁটা, রসুনের কোয়া ৫টি, ময়দা ২ টেবিল চামচ, প্রয়োজনমতো চিকেন স্টক, গোটা ছোট পেঁয়াজ ৬-৭টি, টমেটো ১টি, পেঁয়াজপাতা, সাদা গোলমরিচের গুঁড়া ২ চা-চামচ, চিরে নেওয়া কাঁচা মরিচ ৫টি, কালো গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ এবং স্বাদমতো লবণ।
প্রথমে মুরগি ভালো করে ধুয়ে পরিষ্কার করুন। এরপর ফোড়নের উপকরণ থেকে কালো গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে মুরগি মেখে রাখুন। একটি বড় ডিপ প্যান চুলায় রেখে ১ টেবিল চামচ তেল ও মাখন একসঙ্গে গরম করুন। এতে গোটা গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি ও তেজপাতা দিয়ে ফোড়ন দিন। তারপর আস্ত মুরগিটি প্যানের মধ্যে বসিয়ে নিন। চামচ দিয়ে সামান্য উল্টেপাল্টে নিন, যাতে মুরগির গায়ে মাখন ও মসলার ঘ্রাণ আচ্ছাদিত হয়ে যায়। দুই পিঠ হালকা বাদামি রং হয়ে গেলে মুরগি নামিয়ে রাখুন।
এবার একই প্যানে আদা, রসুন ও পেঁয়াজকুচি দিয়ে নেড়ে কেটে রাখা আলু, পেঁপে, গাজর, সেলারি এবং স্বাদমতো লবণ দিয়ে ভেজে তুলে রাখুন। বাকি তেল ও মাখন প্যানে দিয়ে তাতে ময়দা দিয়ে নাড়তে থাকুন। ময়দাটা ভালোভাবে মিশে গেলে অল্প পরিমাণে স্টক দিন। ভালোভাবে নেড়ে ময়দাটা মিশিয়ে নিন যেন জমাট বেঁধে না যায়। বাকি স্টক ঢেলে ভেজে রাখা মুরগি ও সবজিগুলো দিন। এমন আন্দাজে স্টক দিন, যাতে আস্ত মুরগি ও সবজিগুলো সেদ্ধ হতে পারে। স্টক না থাকলে গরম পানিতে স্টকের কিউব দিয়ে তৈরি করে নিন।
প্যানের মুখ ঢেকে সেদ্ধ করুন। মাংস ও সবজি নরম হয়ে গেলে আস্ত পেঁয়াজ, টমেটো, পেঁয়াজপাতা দিয়ে দিন। ঝোল ঘন হয়ে এলে চেরা কাঁচা মরিচ, গোলমরিচের গুঁড়া এবং সামান্য চিনি ছড়িয়ে দিন। লবণ ঠিক আছে কি না, দেখে নামিয়ে ভাত বা টোস্ট করা ব্রেডের সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।