যশোর শহরের জেস্ট টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেট সংযোগ স্থাপনের কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়ে এক ইন্টারনেটকর্মীর মৃত্যু হয়েছে। নিহত ইমরান হোসেন ইমন (২৯) খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি বর্তমানে যশোরের মুড়লী মোড় এলাকায় ই-লাইফ কমিউনিকেশন নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে জেস্ট টাওয়ারের সামনে অবস্থিত বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেটের কাজ করছিলেন ইমন। এ সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে যান তিনি। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।