চীনের লিউঝো শহরে মানবাকৃতির বা হিউম্যানয়েড রোবট উৎপাদনের জন্য একটি স্বয়ংক্রিয় কারখানা চালু করেছে ইউবিটেক রোবোটিকস। এই কারখানায় রোবটগুলোর সহায়তায় বিভিন্ন কাজ পরিচালনা করে দ্রুত নতুন রোবট তৈরি করা হচ্ছে। প্রতিষ্ঠানটির দাবি, এখানে প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহারযোগ্য মানবাকৃতির রোবট তৈরি করা সম্ভব।

১৪ হাজার বর্গমিটার জায়গা জুড়ে নির্মিত এই কারখানাটির উচ্চতা ১৩ দশমিক ৮ মিটার। বছরে ১০ হাজার রোবট তৈরির সক্ষমতা রয়েছে এতে। ইউবিটেকের ওয়াকার এস ও ক্রুজার সিরিজের শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবটগুলো এখানে তৈরি হয়। উৎপাদন প্রক্রিয়ায় প্রতিটি রোবটকে আলাদা সিরিয়াল নম্বর দেওয়া হয়, যাতে উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো নির্দিষ্ট রোবটের কার্যক্রম ও তথ্য সহজেই ট্র্যাক করা যায়।

ইউবিটেক রোবোটিকসের তথ্য অনুযায়ী, কারখানায় ক্রুজার ওয়াই১ ও ক্রুজার এস২ মডেলের রোবটগুলো উপকরণ নামানো, সাজিয়ে রাখা, উৎপাদনস্থলে পৌঁছে দেওয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার মতো কাজ করছে। অর্থাৎ, নতুন রোবট তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণগুলো কারখানার উৎপাদন লাইনে পৌঁছে দেওয়ার দায়িত্বও রোবটগুলোর ওপর ন্যস্ত। নতুন রোবট সংযোজনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় যন্ত্র ব্যবহার করা হচ্ছে, ফলে উৎপাদনপ্রক্রিয়ায় মানুষের সরাসরি তদারকির প্রয়োজনও কমে আসছে।

ইউবিটেক জানিয়েছে, কারখানায় একটি হিউম্যানয়েড রোবট তৈরি হওয়ার পরই তা সরবরাহ করা হয় না। তৈরি করার পর প্রতিটি রোবটের কার্যকারিতা যাচাই করতে চার ঘণ্টার বেশি সময় ধরে পুরো যন্ত্রের কার্যকারিতা ও মান পরীক্ষা করা হয়। তৈরির পর রোবটগুলোকে স্বয়ংক্রিয়ভাবে গুদামে রাখা হয়। শুধু তা–ই নয়, রোবট তৈরি শেষে প্রয়োজনীয় উপকরণগুলো চালকবিহীন ফর্কলিফটসহ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে সরিয়ে ফেলা হয়।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে দেশটিতে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট তৈরি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম সাত মাসে চীনে শিল্প খাতের উপযোগী রোবট তৈরি হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।

সূত্র: ইন্ডিয়া টুডে