প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাফিউস সামি আলমগীর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় ব্যবস্থা এবং উন্নত রোবোটিকসসহ প্রতিরক্ষা প্রযুক্তির উদ্ভাবনে কাজ করে যাওয়া এই প্রতিষ্ঠানটি তাঁর দক্ষ নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
সাফিউস সামি আলমগীর বর্তমানে টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত এবং বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিইপিআইএ) সভাপতির দায়িত্ব পালন করছেন। উৎপাদনশিল্প, শিল্পোন্নয়ন, বিনিয়োগ এবং বেসরকারি খাতের নেতৃত্ব প্রদানের ক্ষেত্রে তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ব্যবসায়িক পরিধি সম্প্রসারণের এই গুরুত্বপূর্ণ সময়ে তাঁর দায়িত্ব গ্রহণ প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
ডুবোটেক মূলত একটি দেশীয় প্রতিরক্ষা স্বয়ংক্রিয় প্রযুক্তিপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য বিশেষায়িত 'ফোর্টিস' নামের একটি এআইনির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। এই ফোর্টিস-নির্ভর স্বয়ংক্রিয় প্ল্যাটফর্মের মাধ্যমে তারা স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ ও পানির নিচে বিভিন্ন প্রতিরক্ষা ও নিরাপত্তা অভিযানে ব্যবহারের উপযোগী প্রযুক্তি উন্নয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে। ডুবোটেকের উদ্ভাবিত প্রযুক্তির তালিকায় রয়েছে পানির নিচের স্বয়ংক্রিয় যান (এইউভি), চালকহীন সামুদ্রিক যান (ইউএসভি), চালকবিহীন স্থলযান (ইউজিভি), অধিক ওজন বহনে সক্ষম ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং এআইনির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম।
প্রযুক্তি ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শিল্প মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ন্যাশনাল এন্টারপ্রেনিউরশিপ অ্যাওয়ার্ড ২০২৫–এ 'স্টার্টআপ অব দ্য ইয়ার' পুরস্কার অর্জন করেছে ডুবোটেক। এছাড়া প্রতিষ্ঠানটি শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ আয়োজনের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ করার পাশাপাশি সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড (এসবিএল) থেকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ লাভ করেছে।
জাতীয় পর্যায়ে ডুবোটেকের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে। বিশেষ করে প্রতিরক্ষা খাতে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে একাধিক চুক্তি সম্পাদন করেছে ডুবোটেক এবং তাদের প্রযুক্তির জন্য ক্রয়াদেশও পেয়েছে। এসব চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি এরই মধ্যে একাধিক প্রতিরক্ষা ব্যবস্থা নকশা, সরবরাহ ও কার্যকরভাবে পরিচালনার পর্যায়ে নিয়ে গেছে। এর ফলে নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তব ক্ষেত্রে মোতায়েন ও পরিচালনায় সক্ষম প্রথম সারির দেশীয় প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে তারা। দেশীয় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়ন এবং সেগুলোর বাণিজ্যিক ও কৌশলগত ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।