অসুস্থতা বা জ্বরের সময় শরীরকে আরাম দিতে এবং প্রয়োজনীয় পুষ্টির জোগান দিতে নরম সবজি ও মাংসের স্টু অত্যন্ত কার্যকর। বাড়িতেই খুব সহজে তৈরি করা যায় এমন একটি পুষ্টিকর 'চিকেন অ্যান্ড ভেজিটেবল স্টু'-এর রেসিপি দিয়েছেন দিল আফরোজ।
এই পদটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণগুলো হলো: ৫০০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস, আধা চা-চামচ কালো গোলমরিচের গুঁড়া, ২ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ তেল, ১ টুকরা দারুচিনি, ৬টি লবঙ্গ, ৮-১০টি গোটা গোলমরিচ, কিউব করে কাটা ২টি গাজর, কিউব করে কাটা ২টি মাঝারি পেঁয়াজ, ১ কাপ কিউব করা পেঁপে, আধা কাপ মিষ্টিকুমড়ার টুকরো, ১ কাপ ছোট টুকরো করা ফুলকপি, কিউব করে কাটা ২টি ক্যাপসিকাম, কিউব করে কাটা ২টি টমেটো, ১টি লেমন গ্রাস ডাঁটা, ১ চা-চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আধা চা-চামচ আদাবাটা, আধা চা-চামচ রসুনবাটা, ৪-৫টি বিচি ফেলে চেরা কাঁচা মরিচ, আধা চা-চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, ৪ কাপ গরম পানি বা ভেজিটেবল ব্রথ এবং ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার।
প্রস্তুত প্রণালী:
প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে লবণ ও গোলমরিচ মেখে রাখতে হবে। এরপর একটি ডিপ প্যানে ১ টেবিল চামচ মাখন ও তেল গরম করে মাংসের টুকরোগুলো সামান্য ভেজে তুলে নিতে হবে।
একই প্যানে বাকি তেল ও মাখন দিয়ে দারুচিনি, লবঙ্গ এবং গোটা গোলমরিচ ফোড়ন দিতে হবে। মসলার সুগন্ধ বের হলে এতে পেঁয়াজ দিয়ে নরম ও স্বচ্ছ হওয়া পর্যন্ত নাড়তে হবে (বাদামি করার প্রয়োজন নেই)। এরপর রসুনকুচি, আদাকুচি ও পেঁয়াজকুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজতে হবে যাতে কাঁচা গন্ধ চলে যায়।
পরবর্তীতে একে একে পেঁপে, সেলারি, লেমন গ্রাস, গাজর ও মিষ্টিকুমড়ার টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে মাখনের সঙ্গে দুই থেকে তিন মিনিট হালকা করে নাড়াচাড়া করতে হবে। এরপর পরিমাণমতো স্টক এবং স্বাদমতো লবণ দিয়ে প্যানের মুখ ঢেকে মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট সেদ্ধ হতে দিতে হবে।
সবজি প্রায় সেদ্ধ হয়ে এলে এতে পেঁয়াজ, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটোকুচি ও চেরা কাঁচা মরিচ যোগ করতে হবে। সবজি পুরোপুরি সেদ্ধ হয়ে ঝোল স্বচ্ছ ও সুগন্ধযুক্ত হলে ওপর থেকে তাজা গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিতে হবে। ঝোল ঘন করতে ১ চা-চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে গুলে মিশিয়ে ১ মিনিট ফুটিয়ে নেওয়া যেতে পারে। সবশেষে নামানোর ঠিক আগে এক চামচ গলানো মাখন ও গোলমরিচের গুঁড়া ছড়িয়ে পরিবেশন করুন পুষ্টিকর এই স্টু।