খুলনার দাকোপ উপজেলার পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নেমে কুমিরের আক্রমণে আহত হয়েছেন সুবোধ গাইন (৭৫) নামের এক বৃদ্ধ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পশ্চিম ঢাংমারী খালে গোসল করতে নামলে হঠাৎ একটি কুমির সুবোধ গেইনের ডান পায়ে কামড় দেয়। তার চিৎকার শুনে দ্রুত স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং তাকে পানি থেকে উদ্ধার করেন। পরবর্তীতে তাকে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কুন্তল মণ্ডল মুক্তকণ্ঠকে জানান, "কুমিরের কামড়ে সুবোধের পায়ে রক্তক্ষরণ হচ্ছিল। চিকিৎসা দিয়ে ক্ষতস্থানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। পরে তাকে ওয়ার্ডে ভর্তি রাখা হয়। প্রয়োজন হলে পরীক্ষার ফল অনুযায়ী পরবর্তী চিকিৎসার ব্যবস্থা করা হবে। বর্তমানে তার অবস্থা ভালো রয়েছে।"

চিকিৎসক আরও জানান, সুবোধ গাইন বর্তমানে মেডিকেল অফিসার অমিয় সরকারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনার সময় ভাটা থাকায় খালের পানি কম ছিল। কুমিরটি খুব বেশি বড় না হওয়ায় সুবোধ নিজেকে রক্ষা করার সুযোগ পান এবং স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর দাকোপের ঢাংমারী এলাকার জেলে সুব্রত মণ্ডল (৩২) সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণের শিকার হয়েছিলেন। কাঁকড়া ধরে ফেরার পথে ঢাংমারী খাল পার হওয়ার সময় কুমির তাকে পানির নিচে টেনে নিয়ে যায়। দীর্ঘ প্রচেষ্টার পর প্রায় সাত ঘণ্টা পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছিল।