খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার একসত্যাপাড়া এলাকায় পুকুরে ডুবে আমেনা আক্তার (১৬) নামের এক কিশোরী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে। নিহত আমেনা ওই এলাকার মো. খোরশেদ আলম ও নাছিমা বেগম দম্পতির জ্যেষ্ঠ সন্তান।
প্রত্যক্ষদর্শী এবং নিহতের পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, আজ বেলা সাড়ে ১২টার দিকে আমেনা ও তার ছোট বোন তানিয়া (১৪) বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমেছিল। এ সময় অসাবধানতাবশত তানিয়া পানিতে তলিয়ে যায়। ছোট বোনকে ডুবে যেতে দেখে তাৎক্ষণিকভাবে উদ্ধারে পানিতে নামেন আমেনা। যদিও সে ছোট বোনকে উদ্ধার করতে সক্ষম হয়, কিন্তু পরবর্তীতে নিজেই পানিতে তলিয়ে পড়ে। বিষয়টি লক্ষ্য করে আশপাশের স্থানীয়রা পুকুরে নামে উদ্ধার কাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়রা আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আমেনার বাবা শারীরিক প্রতিবন্ধী। তার মা নাসিমা বেগম বলেন, "প্রতিদিনের মতো আজ দুপুরে মেয়েরা গোসল করতে গিয়েছিল। ছোটবেলা থেকে তারা এ পুকুরে গোসল করে। বড় মেয়ে ছোট থেকে একটু অসুস্থ। ছোট বোনকে বাঁচাতে গিয়ে সে ডুবে যায়।"
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, "লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানার একটি অপমৃত্যু ডায়েরি করা হয়েছে।"