পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে দুর্ঘটনাবশত দুই বছরের এক শিশু ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত শিশু সাফওয়ান ইসলাম উপজেলার আরাজি শিকারপুর এলাকার শাকিল ইসলাম ও রেজওয়ানা আক্তার দম্পতির একমাত্র ছেলে। তাঁদের চার বছর বয়সী একটি মেয়েও রয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানানো হয়, দুপুরে বাড়ির উঠানে খেলছিল সাফওয়ান। ওই সময় তার বাবা ও দাদা-দাদি বাড়িতে ছিলেন না। মা রেজওয়ানা আক্তার রান্নাঘরে কাজ করতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ছেলেকে না পেয়ে তিনি খুঁজতে শুরু করেন। খুঁজতে খুঁজতে বাড়ির পাশের গোরস্তান পার হয়ে পুকুরপাড়ে পৌঁছালে তিনি দেখেন, তাঁর আদরের সন্তান সাফওয়ান পুকুরের পানিতে ভাসছে।
এ সময় চিৎকার করে শিশুটিকে পানি থেকে তুলে আনেন রেজওয়ানা। পরে স্থানীয়রা তাকে দ্রুত বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, "এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।"