জগতের হিতসুখ ও শান্তি কামনায় খাগড়াছড়িতে শুভ মধু পূর্ণিমা উদযাপিত হচ্ছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সকাল থেকে জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান চলছে। দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা জানাতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারগুলোতে সমবেত হচ্ছেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে মধু পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এটি ভিক্ষুসংঘের ত্রৈ-মাসিক বর্ষাব্রতের দ্বিতীয় পূর্ণিমা। এই বিশেষ দিনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্ট পরিস্কার দান এবং বৌদ্ধ ভিক্ষুদের পিন্ড দানসহ নানাবিধ দানানুষ্টান সম্পন্ন করেন।
ঐতিহাসিক প্রেক্ষাপটে, ভগবান গৌতম বুদ্ধের সময়ে পারল্য বনে তিনি যখন বর্ষাবাস ধারণ করেছিলেন, তখন এক বানর মৌচাক থেকে মধু এনে তাঁকে দান করে। সেই ঘটনার স্মরণেই বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই পূর্ণিমাকে 'মধু পূর্ণিমা' নামে অভিহিত করেন এবং গুরুত্ব ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করেন।