শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার স্থানীয় হাশেম মিয়ার পুকুর থেকে কালু মিয়া (২০) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বন্ধু বাদশা মিয়াকে আটক করেছে পুলিশ।
নিহত কালু মিয়া উপজেলার কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। অন্যদিকে, আটক বাদশা মিয়া একই এলাকার কমল মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কালু মিয়া শনিবার দিবাগত রাতে বন্ধু বাদশা মিয়ার সাথে মাছ ধরতে যায়। কিন্তু একদিন পার হয়ে গেলেও বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে ওঠেন। সকালে নিহতের বন্ধু বাদশা মিয়াকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। খোঁজাখুঁজির সময় রাস্তার পাশে পুকুরের কিনারায় মাথার কিছু অংশ দেখতে পান বাদশা মিয়া। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
পরিবারের দাবি, কালু মিয়াকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এলাকাবাসী নিহতের বন্ধু বাদশা মিয়াকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, "পুলিশ ঘটনাস্থলে আছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"