বাগেরহাটের রামপাল উপজেলার ইসলামাবাদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে ওই জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের কাজ শুরু করলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা চালান। এই সময় আহাদ আহমেদ এবং তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথেই আহাদ আহমেদের মৃত্যু হয়। অন্যদিকে, তার বাবা শেখ ফরিদুজ্জামানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।"