বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে আগামী বছরের ৯ থেকে ১১ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী জ্ঞানমেলা। ‘আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি’ প্রকল্পের বিশেষ উদ্যোগে আয়োজিত এই তিন দিনব্যাপী মেলার এবারের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রান্তিক জীবনের জন্য উদ্ভাবনী স্বাস্থ্যজ্ঞান’। দীর্ঘ ছয় বছর পর পুনরায় এই জ্ঞানমেলার আয়োজন করা হচ্ছে।
২০০৪ সালে প্রথম যাত্রা শুরু করা এই জ্ঞানমেলা গ্রামীণ জনপদে তথ্যপ্রযুক্তির প্রসার, স্থানীয় জ্ঞান, নতুন উদ্ভাবন এবং লোকজ সংস্কৃতির এক অনন্য সমন্বিত আয়োজন হিসেবে সুপরিচিত। শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আয়োজনের প্রধান লক্ষ্য হলো সাধারণ মানুষের জীবন ও জীবিকার সাথে জ্ঞানের সেতুবন্ধন তৈরি করা এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ বৃদ্ধি করা।
পূর্ববর্তী আয়োজনগুলোর কথা উল্লেখ করে জানা যায়, সেখানে প্রযুক্তি ও স্থানীয় উদ্ভাবনের প্রদর্শনী, বিভিন্ন সেমিনার, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, আলোকচিত্র এবং লোকজ ঐতিহ্যের প্রদর্শনী স্থান পেয়েছিল। পাশাপাশি শিশু ও কিশোরদের জন্য সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। দাবা, ক্যারম, ছবি আঁকা, আবৃত্তি, সংগীত এবং নৃত্যের মতো নানা কার্যক্রম এই মেলাকে সব বয়সী মানুষের অংশগ্রহণের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করেছে।
জ্ঞানমেলার আয়োজক কমিটির সদস্য সচিব তৌফিকুল ইসলাম বলেন, “জ্ঞানমেলার লক্ষ্য এমন একটি অংশগ্রহণমূলক পরিবেশ গড়ে তোলা, যেখানে মানুষ প্রশ্ন করতে, অভিজ্ঞতা বিনিময় করতে পারবে। নিজেদের প্রয়োজনের উপযোগী জ্ঞান ও সমাধান খুঁজতে পারেন।”
চলতি বছরের জ্ঞানমেলার মূল চিন্তার কেন্দ্রে রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সহজবোধ্য, নির্ভরযোগ্য এবং ব্যবহারযোগ্য স্বাস্থ্যবিষয়ক জ্ঞান পৌঁছে দেওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়া এবং বিভ্রান্তিকর স্বাস্থ্যতথ্য শনাক্ত করার সক্ষমতা তৈরি করা—এসব বিষয় এবারের প্রতিপাদ্যের সাথে গভীরভাবে যুক্ত। উদ্ভাবনী স্বাস্থ্যজ্ঞান বলতে কেবল নতুন প্রযুক্তির কথা বলা হয়নি, বরং স্থানীয় ভাষায় কার্যকর যোগাযোগ, মানুষের বাস্তব অভিজ্ঞতার মূল্যায়ন এবং প্রয়োজনীয় সেবার সাথে সংযোগ স্থাপনের বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি এবং কমিউনিটি-ভিত্তিক যোগাযোগের মাধ্যমে সাধারণ মানুষের ঘরে ঘরে ও সমাজে স্বাস্থ্যজ্ঞান পৌঁছে দেওয়ার সম্ভাবনাকে সামনে আনছে এবারের মেলা।
এই জ্ঞানমেলায় অংশগ্রহণের জন্য স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, গবেষক, উদ্ভাবক, উন্নয়নকর্মী, গণমাধ্যমকর্মী এবং আগ্রহী সকল মানুষকে আমন্ত্রণ জানিয়েছে ‘আমাদের গ্রাম’। বিস্তারিত তথ্যের জন্য ই-মেইলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: [email protected]