বাংলাদেশ পুলিশের বিসিএস (পুলিশ) ক্যাডারের চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।