পুলিশের আটজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এদের মধ্যে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এবং পাঁচজন সহকারী পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। গত ২৫ আগস্ট তাঁকে সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছিল, যা এখন বাতিল করা হলো। এ ছাড়া র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামে এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার (টিআর) জাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
অন্যদিকে, গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমানকে র্যাবে, কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মকসুদপুর সার্কেলে বদলি করা হয়েছে। নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল মিয়াকে গাজীপুর মহানগর পুলিশে (জিএমপি), খুলনা মহানগর পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার আজিজুর রহমান খানকে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং জিএমপির সহকারী পুলিশ কমিশনার অরুপ রতন সরকারকে নওগাঁর সাপাহারে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির আদেশপ্রাপ্ত এই কর্মকর্তাদের ২৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে ২৭ সেপ্টেম্বর থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবে।