বাংলাদেশ পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার আটজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না হস্তান্তর করলে ২৭ সেপ্টেম্বর থেকে তারা তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বদলি ও পদায়নকৃত এসপি পদমর্যাদার কর্মকর্তারা হলেন—পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রেজা সারোয়ারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে। এতে তার পূর্ববর্তী সাতক্ষীরার বদলি আদেশটি বাতিল করা হয়েছে। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচ উদ্দীনকে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার এবং টিআর পদ থেকে অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরেই পদায়ন করা হয়েছে।

এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের নাফিছুর রহমানকে র‍্যাবের সহকারী পুলিশ সুপার এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ সার্কেলের সুবীর কুমার সাহাকে গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার করা হয়েছে।

নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোহেল মিয়াকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি), খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. আজিজুর রহমান খানকে খুলনার রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার এবং জিএমপি’র সহকারী পুলিশ কমিশনার অরূপ রতন সরকারকে নওগাঁর সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।