বিসিবি সভাপতি তামিম ইকবালের দেওয়া আভাসের পর আজ বিসিবির ভার্চ্যুয়াল সভায় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট কাঠামোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি একক প্রতিযোগিতার অধীন প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ এবং লিস্ট ‘এ’ টি-টুয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘একের ভেতর তিন’ নামের এই প্রতিযোগিতায় ছয়টি দল অংশগ্রহণ করবে। দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য করপোরেট এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দলগুলোর মালিকানাস্বত্ব দেওয়া হবে। নতুন কাঠামোর অধীন প্রথম প্রতিযোগিতা হিসেবে টি-টোয়েন্টি আসর এ বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে। এর আগে জাতীয় লিগের পাশাপাশি চার দলের বিসিএলও প্রথম শ্রেণির ক্রিকেটের আসর ছিল, যা এখন আর থাকবে না।
সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। ছেলেদের চার দিনের ক্রিকেটে ম্যাচ ফি ১ লাখ ৫০ হাজার টাকা, ৫০ ওভারের ক্রিকেটে ১ লাখ টাকা এবং টি-টুয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। জাতীয় ক্রিকেট লিগ দ্বিতীয় একাদশের আসরে ম্যাচ ফি ১৫ হাজার টাকা রাখা হয়েছে। মেয়েদের ক্রিকেটেও ম্যাচ ফি বেড়েছে: তিন দিনের ক্রিকেটে ৪০ হাজার টাকা, ৫০ ওভারে ৩০ হাজার টাকা এবং টি-টুয়েন্টিতে ২০ হাজার টাকা। এছাড়া বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতা ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
অন্যান্য বিষয়ে সভায় মিরপুরের একাডেমি মাঠে আইএএএফ অনুমোদিত আন্তর্জাতিক মানের অ্যাথলেটিক রানিং ট্র্যাক স্থাপনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তিন লেনের বিশেষায়িত এই রানিং ট্র্যাক ক্রিকেটারদের প্রশিক্ষণ, ফিটনেস কার্যক্রম এবং অন্যান্য প্রয়োজন মেটাবে। শেরেবাংলা স্টেডিয়ামে দুটি নতুন ড্রেসিংরুম নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে, যা ঘরোয়া টুর্নামেন্ট ও অনুশীলন ম্যাচে ব্যবহার করা হবে। প্যাভিলিয়ন ভবনের বিদ্যমান ড্রেসিংরুমগুলো আন্তর্জাতিক ম্যাচের জন্য সংরক্ষিত থাকবে।
এ ছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়নকাজের জন্য স্থাপত্য, প্রকৌশল ও প্রকল্প প্রস্তুতি-সংক্রান্ত পরামর্শসেবা দিতে একজন পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বোর্ড।