শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎকে সভাপতি এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধাকে সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
ঘোষিত আংশিক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সিনিয়র সহসভাপতি লিয়াকত হোসেন, এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বাদল এবং সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের অনুমোদনক্রমে শরীয়তপুর জেলা যুবদলের এই আংশিক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
জানা যায়, জামাল উদ্দিন বিদ্যুৎ এর আগে শরীয়তপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে, নতুন সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত অ্যাডভোকেট নজরুল ইসলাম মৃধা বর্তমানে শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম মৃধা বলেন, "দীর্ঘদিন পর শরীয়তপুর জেলা যুবদলের কমিটি হওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক অভিভাবক মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানাই।"
তিনি আরও বলেন, "কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে কাজ করব।"