বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কুষ্টিয়া জেলা শাখায় সাত সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত নতুন কমিটিতে ফুহাদ রেজা ফাহিমকে সভাপতি এবং জিল্লুর রহমান জনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়াও মোস্তাফিজুর রহমান সুমনকে সিনিয়র সহসভাপতি, জাকারিয়া মিলন ও রাশেদুল ইসলাম রাশেদকে যুগ্ম সাধারণ সম্পাদক, জব্বার মিলনকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোজাক্কির রহমান রাব্বিকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের নির্দেশনা অনুযায়ী, আগামী এক মাসের মধ্যে এই আংশিক কমিটিকে কাজ করে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। গঠিত পূর্ণাঙ্গ কমিটির তালিকা অনুমোদনের জন্য পরবর্তীতে কেন্দ্রীয় দপ্তরে পাঠাতে হবে।

কমিটি ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ায় যুবদল নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে তারা আনন্দ মিছিল করেন। পরে মিষ্টি বিতরণ করে নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানান।

নবনির্বাচিত সভাপতি ফুহাদ রেজা ফাহিম বলেন, "কেন্দ্রীয় যুবদল তাকে যে দায়িত্ব দিয়েছে, এ জন্য তিনি কেন্দ্রীয় নেতাদের প্রতি কৃতজ্ঞ। দলের আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্ত মেনে কুষ্টিয়া জেলা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করবেন।"

তিনি আরও জানান, তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে সংগঠনকে গতিশীল করার চেষ্টা থাকবে। দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই তাদের প্রধান লক্ষ্য।