বরিশাল থেকে ঢাকাগামী চলন্ত লঞ্চে গর্ভাবস্থায় তীব্র প্রসববেদনায় ভুগে সংকটাপন্ন এক নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে স্পিডবোট নিয়ে মাঝনদীতে অভিযান চালিয়ে ওই নারীকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেয় কোস্টগার্ডের একটি দল।
রোববার (২০ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানান জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
জানা যায়, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া কালিগঞ্জ লঞ্চঘাট থেকে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ‘দোয়েল পাখি-১০’ নামের একটি লঞ্চ। যাত্রা শুরু করার কিছুক্ষণ পরই লঞ্চের এক যাত্রী তীব্র প্রসববেদনায় আক্রান্ত হন। তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে দেখে লঞ্চের অন্য এক সহযাত্রী তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্যের আকুতি জানান।
কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল করুণা সরকার। ঘটনার খবর পেয়ে ৯৯৯ ডিসপাচারের এএসআই মাসুম বিল্লাহ উদ্ধার তৎপরতার তদারকি ও সমন্বয় শুরু করেন। ৯৯৯-এর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি নারায়ণগঞ্জের কোস্টগার্ড কন্ট্রোলরুম এবং নারায়ণগঞ্জ জোন নৌ-পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়।
খবর পেয়ে নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশনের একটি দক্ষ উদ্ধারকারী দল দ্রুতগামী স্পিডবোট নিয়ে নদীর বুকে চলন্ত লঞ্চটির মুখোমুখি হয়। তারা সফলভাবে প্রসূতিকে উদ্ধার করে দ্রুততম সময়ে ঢাকার সদরঘাটে পৌঁছে দেন। পরবর্তীতে স্বজনরা তাকে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।