চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক নারীর প্রাণ বাঁচিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা সদরঘাট থেকে ভোলার উদ্দেশ্যে রওনা দেয় ‘ফারহান-৩’ নামের একটি লঞ্চ। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর পুত্রবধূ হঠাৎ খিঁচুনি উঠে অচেতন হয়ে পড়েন।
এ ঘটনার পর লঞ্চের অন্য এক যাত্রী কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান। খবর পাওয়া মাত্রই কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের একটি মেডিকেল টিম প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত লঞ্চটিতে পৌঁছায় এবং অসুস্থ নারীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে আরও উন্নত চিকিৎসার জন্য কোস্টগার্ডের বোটে করে হরিণা ফেরিঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্টগার্ডের তত্ত্বাবধানে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সযোগে তাকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।"