সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশি হাফেজদের উপহার হিসেবে প্রদত্ত ‘নেক্সাস’ শিরোনামের বইটি ফেরত নিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ দপ্তরে বিজয়ী হাফেজদের কাছ থেকে বইগুলো গ্রহণ করেন তিনি।
গত ১৭ সেপ্টেম্বর সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে বিজয়ীদের বিভিন্ন উপহারের মধ্যে ‘নেক্সাস’ বইও দেওয়া হয়েছিল। বই ফেরত নেওয়ার বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত ব্যবস্থা নিয়ে বিজয়ী হাফেজদের দেওয়া ‘নেক্সাস’ বই ফেরত নেওয়া হয়েছে।"
তিনি আরও জানান, সংবর্ধনা অনুষ্ঠানে বিজয়ী হাফেজদের জন্য আন্তর্জাতিক সফর ও সহায়তাসহ যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার কথা পুনর্ব্যক্ত করে শামীম কায়সার বলেন, "ভবিষ্যতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতাসহ এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে হাফেজদের প্রয়োজনীয় সহযোগিতা করবে সরকার।"
আন্তর্জাতিক এসব প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজদের অংশগ্রহণের মাধ্যমে দেশ ও দেশের মানুষের জন্য সম্মান ও গৌরব বয়ে আনার সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় বিজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ শেখ মোহাম্মদ মাহমুদুল হাসান আশরাফী, হাফেজা রাবিতা বিনতে রমাদান ও হাফেজা মুসফিরা বিনতে মাহমুদসহ তাদের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
গত আগস্টে সৌদি আরবে ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী বাংলাদেশি হাফেজদের সম্মাননা জানাতে ১৭ সেপ্টেম্বর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।