কুষ্টিয়ার পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার গ্রহণের পর ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে তৎক্ষণাৎ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর একটায় কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) ফয়সাল মাহমুদ এই বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে ক্যাম্পে রাতের খাবার খাওয়ার পর একে একে পুলিশ সদস্যদের স্বাস্থ্যের অবনতি ঘটে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, অসুস্থ পুলিশ সদস্যদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পরপরই কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) আমিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, ক্যাম্প এলাকাটি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার আওতাধীন। ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস, এম, মামুনুর রশীদ জানান, তিনি খবর পেয়েই ক্যাম্পে গিয়েছেন এবং বিষয়টি তদন্ত করছেন।
এ ব্যাপারে মুক্তকণ্ঠকে ফয়সাল মাহমুদ বলেন, "পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে দশজন অসুস্থ হয়ে পড়েন। তারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। অসুস্থ হওয়া এবং খাবার পরীক্ষা-নিরীক্ষা করে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।"
পুলিশ সূত্রে জানা গেছে, অচেতন হয়ে পড়া সদস্যদের বর্তমানে হাসপাতালে চিকিৎসা চলছে। ক্যাম্পে খাওয়া খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। অসুস্থতার প্রকৃত কারণ কী, তা জানতে তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।