টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ১নং দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী গ্রামে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম মো. শহীদ মন্ডল (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গ্রামের একটি বাঁশঝাড়ের মধ্যে শহীদ মন্ডলের ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, সন্ধ্যায় শহীদ মন্ডল ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।