টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়েছে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী ‘আরবি ট্রাভেলস’-এর বাসটি চর ভাবলা এলাকায় পৌঁছানোর সময় মুষলধারে বৃষ্টির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারান। ফলে বাসটি ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশের খাদে ধাক্কা খেয়ে পড়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করেন। পরে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরবর্তীতে যানবাহন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।