রাজধানী ঢাকায় গত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ রোববার বৃষ্টি হয়েছে। এক দিনের ব্যবধানে আবহাওয়ার এমন নাটকীয় পরিবর্তন ঘটল। গতকাল শনিবার দেশের ১২ জেলায় তাপপ্রবাহ বয়ে গেছে; রাজধানীতে তাপপ্রবাহ না থাকলেও ছিল প্রচণ্ড গরম। গতকাল আবহাওয়া অধিদপ্তর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, তবে এতটা বৃষ্টি হবে, তা বলা হয়নি।

আবহাওয়াবিদেরা বলছেন, কিছুটা নিষ্ক্রিয় থাকা মৌসুমি বায়ু হঠাৎ সক্রিয় হয়ে যাওয়াই এই বৃষ্টির কারণ। বৃষ্টিতে ঢাকার বিভিন্ন রাস্তায় পানি জমে গেছে।

তবে দেশের সর্বত্র এমন বৃষ্টি হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত শুধু রাজধানীতেই ৪৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে নারায়ণগঞ্জে, ৮২ মিলিমিটার।

গতকাল সন্ধ্যায় দেওয়া পূর্বাভাস অনুযায়ী আজ গতকালের মতোই তাপমাত্রা থাকার কথা ছিল। গতকাল রাতে রাজধানীতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিলেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ তরীফুল নেওয়াজ কবীর। তবে সেই বৃষ্টি আজ সকাল পর্যন্ত চলবে, তা পূর্বাভাসে স্পষ্ট ছিল না।

হঠাৎ এই বৃষ্টি কেন—এমন প্রশ্নের জবাবে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "মূল কারণ মৌসুমি বায়ুর হঠাৎ সক্রিয় হয়ে যাওয়া। আবার পূর্বাভাসে কিছু জায়গায় (৫০ শতাংশ এলাকায়) বৃষ্টির কথা বলা হয়েছিল। সেটা অনেক জায়গায় প্রায় ৭০ শতাংশ হয়ে গেছে। চট্টগ্রাম বিভাগ বাদ দিয়ে উপকূলের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর রেশ এসেছে রাজধানীতেও। এখন রাজশাহী ও রংপুরের দিকেও বৃষ্টি হতে পারে।"

রাজধানীতে আজ আরও কিছু সময় থেমে থেমে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন শাহিনুল ইসলাম। তবে আগামীকাল সোমবার বৃষ্টি নাও থাকতে পারে বলে জানান তিনি।

এদিকে সাগরে ইতিমধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে চলতি সপ্তাহের শেষ দিকে ভারতের ওডিশা বা অন্ধ্র প্রদেশ এলাকার উপকূলে গভীর নিম্নচাপ, এমনকি ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বাংলাদেশেও বৃষ্টি হতে পারে।