সদ্য বিদায়ী সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে প্রায় ১৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি অক্টোবর মাসেও বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসজুড়ে বৃষ্টিহীন পরিস্থিতি থাকবে না। এই সময়ে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

গতকাল বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্যমতে, সেপ্টেম্বর মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩১৯ মিলিমিটার হওয়ার কথা থাকলেও প্রকৃতপক্ষে বৃষ্টি হয়েছে ২৬৬ মিলিমিটার। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ১৭ দশমিক ৯ শতাংশ কম বৃষ্টি হয়েছে। সাধারণত সেপ্টেম্বর মাসে গড়ে ২০ দিন বৃষ্টি হলেও গত মাসে বৃষ্টি হয়েছে মাত্র ১৭ দিন।

তবে সব বিভাগে বৃষ্টির পরিস্থিতি একরকম ছিল না। খুলনা বিভাগে স্বাভাবিক ২৭৭ মিলিমিটারের বিপরীতে ৩১০ মিলিমিটার বৃষ্টি হয়ে যা ১২ শতাংশ বেশি। বরিশাল বিভাগে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি ছিল। অন্যদিকে, সিলেট বিভাগে স্বাভাবিকের তুলনায় ৪৪ দশমিক ৩ শতাংশ, ময়মনসিংহে ৩৮ দশমিক ৫ শতাংশ, রংপুরে ২৯ দশমিক ২ শতাংশ এবং রাজশাহীতে ২৪ দশমিক ৩ শতাংশ কম বৃষ্টি হয়েছে।

অক্টোবরের পূর্বাভাসে বলা হয়েছে, অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। ঢাকায় স্বাভাবিক ১৬০ মিলিমিটারের বিপরীতে ১৩০ থেকে ১৬০ মিলিমিটার, ময়মনসিংহে স্বাভাবিক ১৮০ মিলিমিটারের বিপরীতে ১৫০ থেকে ১৮০ মিলিমিটার এবং চট্টগ্রামে স্বাভাবিক ২১৬ মিলিমিটারের বিপরীতে ১৯০ থেকে ২২০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেটে স্বাভাবিক ১৮২ মিলিমিটারের বিপরীতে ১৫০ থেকে ১৮০ মিলিমিটার, রংপুরে স্বাভাবিক ১৫৫ মিলিমিটারের বিপরীতে ১২০ থেকে ১৫০ মিলিমিটার এবং খুলনায় স্বাভাবিক ১৫০ মিলিমিটারের বিপরীতে ১১০ থেকে ১৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বরিশালে স্বাভাবিক ২১১ মিলিমিটারের বিপরীতে ১২০ থেকে ২২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে রাজশাহীতে স্বাভাবিক ১০৪ মিলিমিটারের চেয়ে কিছুটা বেশি অর্থাৎ ১১০ থেকে ১৩০ মিলিমিটার বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, অক্টোবরের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদ-নদীর পানি সাময়িকভাবে দ্রুত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।