সোমবার রাজধানীজুড়ে দিনের দীর্ঘ সময় আকাশ ছিল মেঘলা এবং আবহাওয়া ছিল ভ্যাপসা গরম। নভেম্বরের প্রথম সপ্তাহ পার হয়ে গেলেও শীতের আমেজ খুব একটা পাওয়া যায়নি। দেশের উত্তরাঞ্চলে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার দেখা মিললেও রাজধানী ও উত্তরের তাপমাত্রার ব্যবধান ছিল চোখে পড়ার মতো। পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াসে, যেখানে রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদদের মতে, সন্ধ্যার বৃষ্টি এই তাপমাত্রার ব্যবধান কমিয়ে আনতে সহায়ক হতে পারে।
রাজধানীর আজকের বৃষ্টির একটি বিশেষ দিক ছিল এর প্রকৃতি। চলতি মাসে উত্তরা ও মিরপুর এলাকায় সামান্য বৃষ্টি হলেও, প্রায় এক মাস ধরে এমন বজ্রপাত, মেঘের গর্জন এবং ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টির দেখা মেলেনি।
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত আবহাওয়াবিদ এ কে এম নাজমুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, “সাত থেকে আট মিলিমিটার বৃষ্টি হতে পারে; আর এতটা মেঘের ডাক, বজ্রপাত কিংবা ঝোড়ো হাওয়া অন্তত এক মাসের মধ্যে দেখা যায়নি।”
সাধারণত কার্তিক মাসের শেষ দিকে বৃষ্টির পর শীতের আগমন ঘটে। সাগরে সৃষ্ট লঘুচাপ বা নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হয়ে থাকে। এবারও সাগরে বেশ কিছু লঘুচাপ ও নিম্নচাপ তৈরি হয়েছিল, তবে তার প্রভাব বাংলাদেশের চেয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওডিশা রাজ্যে বেশি ছিল। আবহাওয়াবিদ নাজমুল ইসলামের মতে, আজকের বৃষ্টি রাজধানীর মানুষের দীর্ঘদিনের আক্ষেপ মিটিয়েছে এবং এর ফলে দিনের বেলার বাড়তি তাপমাত্রা কমতে পারে। তিনি আরও জানান, মঙ্গলবারও রাজধানীর আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজকের এই মেঘলা আকাশ ও বৃষ্টির মূল কারণ হিসেবে পুবালি বাতাসের আধিক্যকে চিহ্নিত করেছেন ওই আবহাওয়াবিদ। দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অঞ্চল থেকে আসা এই পুবালি বাতাসের সঙ্গে একটি পশ্চিমা লঘুচাপ মিলিত হয়েছে। সাগরের ওপর দিয়ে বয়ে আসার সময় এই বাতাস প্রচুর জলীয়বাষ্প সংগ্রহ করে, যা পরবর্তীতে মেঘ হয়ে বৃষ্টি হিসেবে ঝরে পড়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের প্রভাবে রংপুর এবং ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।
উল্লেখ্য, গত অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৬৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসেও স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির ফলে দিনের ভ্যাপসা গরমের স্বস্তি মিললেও অন্য এক উদ্বেগের কথা জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। তাদের আশঙ্কা, এই বৃষ্টির ফলে ডেঙ্গুর বিস্তার আরও বাড়তে পারে।