কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়ায় দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী লোকজ খেলা ‘দাঁড়িয়াবান্ধা’ (স্থানীয় নাম: গাদন) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচটি টানা পাঁচ ঘণ্টা চলার পর সন্ধ্যা ৭টায় শেষ হয়। নির্ধারিত সময়ে কোনো দলই পয়েন্টে এগিয়ে না থাকায় নিয়ম অনুযায়ী টসের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। তবে আয়োজকদের সিদ্ধান্তে দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করে ১৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
ফাইনালে মুখোমুখি হয়েছিল সোনার বাংলা ক্লাব ও আজিত স্মৃতি সংসদ। টসে জয়ী হলেও সোনার বাংলা ক্লাব এবং রানার্স-আপ আজিত স্মৃতি সংসদ—উভয় দলকেই বিজয়ী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এবারের প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী মাঠে ভিড় করেন, যা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
রাশিদা ফাউন্ডেশনের সভাপতি ও আয়োজক শাহারিয়া ইমন রুবেল বলেন, "গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী খেলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আমাদের লক্ষ্য হলো নতুন প্রজন্মের কাছে এসব খেলা তুলে ধরা এবং মানুষকে মাঠমুখী করা। এবারের আয়োজনে মানুষের যে সাড়া পেয়েছি, তাতে আমরা অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও রাশিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।"
খেলা দেখতে আসা স্থানীয় শুভ বলেন, "ছোটবেলায় গ্রামবাংলার মাঠে এ ধরনের খেলা অনেক দেখেছি। এখন মোবাইল ও আধুনিক বিনোদনের কারণে এসব ঐতিহ্যবাহী খেলা প্রায় হারিয়ে যাচ্ছে। এখানে এসে দাঁড়িয়াবান্ধা খেলা দেখে খুব ভালো লাগছে। এ ধরনের আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মও আমাদের গ্রামীণ ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারবে।"
আরেক দর্শনার্থী খাদিমুল বলেন, "খেলা দেখতে এসে মনে হলো, আমরা যেন আগের সেই গ্রামবাংলায় ফিরে গেছি। মাঠের চারপাশে এত মানুষ, সবার মধ্যে যে আনন্দ দেখলাম, তা সত্যিই ভালো লাগার মতো। শুধু প্রতিযোগিতা নয়, এ ধরনের আয়োজন এলাকার মানুষের মধ্যে একটি সুন্দর মিলনও তৈরি করে।"
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। সভাপতিত্ব করেন রাশিদা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শামিম উল হাসান অপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম টিপুসহ স্থানীয় ব্যক্তিরা।