ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাদের ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘মেইনটেন্যান্স মেকানিক (জেনারেটর)’ পদে মোট ২ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই পদের বেতন মাসে ৭২,২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। চাকরির ধরন স্থায়ী এবং এটি সপ্তাহে ৪০ ঘণ্টা কাজের একটি পূর্ণকালীন পদ। কর্মস্থল হিসেবে ঢাকা শহর উল্লেখ করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান অর্জন করতে হবে। এছাড়াও, কোনো সরকারি অনুমোদিত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিকস, পাওয়ার বা অটোমোবাইল ট্রেডে ন্যূনতম দুই মাসের ভোকেশনাল ট্রেড কোর্স সম্পন্ন করে থাকতে হবে।
অভিজ্ঞতার বিষয়ে বলা হয়েছে, বড় বাণিজ্যিক ভবন, হাসপাতাল, কলেজ ক্যাম্পাস বা জেনারেটর/ইউটিলিটি কোম্পানিতে প্রাইম বা স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও মেরামতে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ১০০০ কেভিএ বা তার চেয়ে বড় জেনারেটরে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
ভাষাগত দক্ষতার ক্ষেত্রে ইংরেজিতে সীমিত জ্ঞান (বলা, পড়া ও লেখা) এবং বাংলায় ভালো কাজের জ্ঞান (বলা, পড়া ও লেখা) থাকতে হবে। নির্বাচিত প্রার্থীকে সিকিউরিটি সার্টিফিকেট ও ব্যাকগ্রাউন্ড ইনভেস্টিগেশনে উত্তীর্ণ হতে হবে। ছাড়পত্র পাওয়ার ৪ সপ্তাহের মধ্যে যোগদানে সক্ষম হতে হবে।
প্রধান দায়িত্বগুলোর মধ্যে রয়েছে: ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের মেইনটেন্যান্স ফোরম্যান ও মেইনটেন্যান্স সুপারভাইজারের অধীন দায়িত্ব পালন করা; চ্যান্সারি, এম্বাসি অ্যানেক্স, আমেরিকান সেন্টার এবং মার্কিন সরকারের মালিকানাধীন বা ভাড়া নেওয়া আবাসিক ভবনগুলোতে পাওয়ার জেনারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণ, স্থাপন ও মেরামত করা; গ্লোবাল মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম (জিএমএমএস) থেকে প্রাপ্ত প্রসেস অনুযায়ী নির্ধারিত ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।
আগ্রহী প্রার্থীরা ইলেকট্রনিক রিক্রুটমেন্ট অ্যাপ্লিকেশনের (ERA) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের নির্দেশনাবলি ও বিস্তারিত তথ্য মার্কিন দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটে (https://bd.usembassy.gov/jobs/) পাওয়া যাবে। আবেদনের সঙ্গে এসএসসি সনদ, ট্রেড কোর্স সনদ, জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স আপলোড করতে হবে। আবেদনের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৬।