কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সি ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েম গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

স্ট্যাটাসে সাদিক কায়েম লেখেন, "কুমিল্লায় ১৩ বছর বয়সী নিখোঁজ শিশু অপ্রতীমের পড়ে থাকা লাশ দেখে যেকোনো বিবেকবান মানুষই বাকরুদ্ধ হয়ে পড়বেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আমাদের মহামন্ত্রীর বিবেককে কি এসব ঘটনা আদৌ নাড়া দেয়?"

তিনি আরও বলেন, "তিনি হয়তো এখন ব্যস্ত প্রধানমন্ত্রীর হয়ে কোনো দায়িত্ব সামলাতে, কিংবা অন্য কোনো মন্ত্রণালয়ের কাজে অযাচিত খবরদারি করতে। হয়তো তিনি এখন ব্যস্ত, নিজের ছেলে ও আত্মীয়স্বজনদের কীভাবে কোনো অভিজ্ঞতা ছাড়াই বড় বড় সরকারি প্রকল্পের দায়িত্ব দেওয়া যায়, কিংবা লাভজনক সরকারি পদে বসানো যায়, সেই চিন্তায়।"

ডাকসু ভাইস প্রেসিডেন্ট বিএনপি সরকারের আমলে বাড়ছে খুন-ধর্ষণের ঘটনার কথা উল্লেখ করে লেখেন, "বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর একের পর এক খুন ও ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে। নারী, শিশু, বৃদ্ধ কেউই যেন নিরাপদ নয়। আজকেও মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর লাশ উদ্ধার হয়েছে। নিঃসন্দেহে সালাহউদ্দিন আহমেদ এ ব্যর্থ সরকারের সবচেয়ে ব্যর্থ মন্ত্রী।"

সাদিক কায়েম তার স্ট্যাটাসে শেষে গণদাবির কথা তুলে ধরেন: "আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা এ দেশের প্রতিটি মানুষের জানমালের নিরাপত্তা কায়েমের জন্য ’২৪-এ লড়াই করেছি। সেই নিরাপত্তা না দিতে পারলে সময় থাকতেই ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক, এটাই গণদাবি।"