১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় না আসলে দেশে চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। এমন মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ১১ দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচির আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

সভায় অলি আহমেদ বলেন, "১১ দলীয় ঐক্যজোট ক্ষমতায় না আসলে এই দেশে কখনো চাঁদাবাজি বন্ধ করতে কেউ পারবে না। দুর্নীতি বন্ধ করতে পারবে না এবং অনৈতিক কাজ যেগুলো হচ্ছে, এগুলোও বন্ধ করতে পারবে না।"

তিনি বর্তমান সরকারকে 'দুর্নীতিবাজ', 'চাঁদাবাজ' ও 'দখলবাজ' আখ্যা দিয়ে জনগণকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। প্রখর রোদের মধ্যে সকাল থেকে পথসভায় মানুষের উপস্থিতির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এটি সরকারের প্রতি জনগণের অনাস্থারই প্রমাণ।

"আপনাদের উপস্থিতিই প্রমাণ করে বর্তমান দুর্নীতিবাজ সরকার, চাঁদাবাজ সরকার এবং দখলবাজ সরকারকে আপনারা চান না। যদি না চান, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে," তিনি যোগ করেন।

উত্তরবঙ্গের মানুষকে আরও ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে সঠিক পথে নিয়ে যাওয়ার তাগিদ দিয়ে অলি আহমেদ বলেন, দেশের নিরাপত্তা ও তিস্তা সমস্যার সমাধান করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে।

এছাড়াও সমাজকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করে এলডিপি নেতা বলেন, "সমাজকে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে পরিচালনা করতে হবে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসুল বলেছেন।"