বগুড়ার শেরপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, কর্মচারীদের হুমকি ও চাঁদা দাবির অভিযোগে উপজেলা ছাত্রদলের নেতা জাকারিয়া সরকার জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মির্জাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত জাকারিয়া সরকার জীবন (৩২) শেরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার খানপুর ইউনিয়নের ভীমজানী গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর বিকেলে শেরপুর পৌর শহরের ফলপট্টি এলাকায় অবস্থিত ‘মেসার্স সায়েম ট্রেডার্স’ ও ‘সায়েম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস’-এর কার্যালয়ে কয়েকজন যুবকের সহায়তায় হামলা চালান জাকারিয়া সরকার জীবন। এ সময় তারা কার্যালয়ে ভাঙচুর চালান এবং কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবি করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে শেরপুর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার পর আসামিকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদা দাবির মামলায় জাকারিয়া সরকার জীবনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।