শহরজুড়ে এখন ডেঙ্গুর প্রকোপ। তবে এবারের এডিস মশাদের লক্ষ্যবস্তু কিছুটা ভিন্ন। মশা কলোনির উচ্চপর্যায়ের এক বৈঠকে প্রধান এডিস মশা এক বিশেষ ঘোষণা দিলেন। তিনি জানান, ‘এত গরিব আর মধ্যবিত্তের রক্ত চুষে কী লাভ? ওদের রক্তে এমনিতেই ঋণ আর টেনশনের বোঝা। এবার টার্গেট হবে যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা কামায়!’

এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘প্ল্যাটিলেট রিফর্মেশন’।

অভিযানের প্রথম লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারিত হলেন পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা মতিন সাহেব। তিনতলার শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসে ফাইল আটকে বাড়তি টাকা আদায় করাই তাঁর প্রধান কাজ, যা তিনি দালালের মাধ্যমে সম্পন্ন করেন। অন্যদিকে দালালেরা সাধারণ মানুষকে নানা ডকুমেন্টের সমস্যা দেখিয়ে চাপ দেয় এবং টাকা আদায় করে।

সেদিন দুপুরে টেবিলের ওপর ফাইল রেখে যখন মতিন সাহেব ঘুমাচ্ছিলেন, ঠিক তখনই সুযোগ বুঝে মশাবাহিনীর প্রথম সদস্য তাঁর ঘাড়ে কামড় বসিয়ে ফিসফিস করে বলল, ‘পনেরো কর্মদিবসের পাসপোর্ট দুই মাস আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ নেন? এবার আমার হুলের ইনজেকশনটা ফ্রি নেন, স্যার!’

এর ফলে মাত্র চার দিনের মধ্যেই ১০৪ ডিগ্রি জ্বরে আক্রান্ত হয়ে মতিন সাহেব পুরোপুরি কাবু হয়ে গেলেন।

তাকে দেখতে হাসপাতালে এলেন শহরের কুখ্যাত চাঁদাবাজ কালাম, যাকে সবাই ‘কাটা কালাম’ নামে চেনে। মতিন সাহেবের শারীরিক অবস্থা দেখে তিনি হো হো করে হেসে বললেন, ‘এই সামান্য জ্বরে কাবু? হাসপাতালে ভর্তি? আমার গায়ে মশা কামড়ানোর সাহসই পায় না!’

কথাটি শেষ হতে না হতেই কালামের কবজিতে দ্বিতীয় মশার কামড় বসল। মশাটি উড়ে গিয়ে গুনগুন করে বলল, ‘চাঁদার টাকা ক্যাশে রাখেন, খরচ করেন হাসপাতালে!’

তিন দিন পরেই কালামের শরীরেও জ্বরের আক্রমণ শুরু হয়। ফলে দুজন পাশাপাশি একই হাসপাতালের কেবিনে শুয়ে থাকেন এবং দুজনের অবস্থাই হয়ে যায় বেশ কাহিল।

তাঁদের দেখতে এলেন বাজারের সবচেয়ে প্রভাবশালী সিন্ডিকেট ব্যবসায়ী হাফিজুর রহমান। চাল, ডাল ও আলুর দাম বাড়িয়ে সাধারণ মানুষের রক্ত চুষে খাওয়াই তাঁর পেশা, এমনকি ফলের বাজারও তাঁর দখলে। হাসপাতালে দুই ঝুড়ি ফলমূল নিয়ে এসে তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, ‘তোমরা চোর-ডাকাত! আমি ব্যবসায়ী। আমার শরীর ফিট, বেশি করে ফলমূল খাই, বেশি করে ফলমূল খাবি বুঝছোস!’

ঠিক সেই মুহূর্তেই তাঁর বাঁ পায়ের গোড়ালিতে তৃতীয় মশার কামড় বসলো। মশাটি একটি আধখাওয়া আপেলের ওপর বসে বলল, ‘হাফিজ ভাই, আলুর দাম বাড়াতে বাড়াতে মানুষের প্লেট খালি করেছেন। এবার আপনার প্ল্যাটিলেট নিয়ে চিন্তা করার পালা!’

চার দিন পর সকালে দেখা গেল তিনজনেরই অবস্থা শোচনীয়। অসুস্থতার চরম পর্যায়ে পৌঁছে মতিন সাহেব ঘোষণা দিলেন, ‘আজ থেকে সব পাসপোর্ট ছেড়ে দিবেন!’

অন্যদিকে কালাম থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন। আর হাফিজুর রহমান টেলিভিশনে লাইভ এসে ঘোষণা দিলেন, ‘আলুর দাম কেজিতে ১০ টাকা কমিয়ে ২০ টাকা করলাম!’

জানালার কার্নিশে বসে এই পুরো দৃশ্য দেখে প্রধান এডিস মশা মুচকি হাসলেন। তখন এক সহযোগী মশা জিজ্ঞেস করল, ‘স্যার, এবার এমপি-মন্ত্রীদের ধরব?’

প্রধান এডিস ডানা ঝাপটে উত্তর দিলেন, ‘অবশ্যই! তবে আগে দেখে নিয়ো, ওদের রক্তে দুর্নীতি বেশি, নাকি আমাদের শরীরে ডেঙ্গু!’

হঠাৎ আরেক মশা প্রশ্ন করল, ‘স্যার, ওদের কামড়ালে যদি আমাদেরই জ্বর আসে?’

প্রধান এডিস মশা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘তাহলে বুঝবে, দেশের দুর্নীতি এতটাই ভয়াবহ যে মশারাও আর সহ্য করতে পারছে না!’

এই কথা শুনে সব মশা একসঙ্গে হেসে উঠল।