কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য (এমপি) মনিরুল হক চৌধুরী জানিয়েছেন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশিয়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার মামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং তিন মাসের মধ্যে বিচার নিশ্চিত করতে সরকারি উদ্যোগ নেওয়া হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পার্শ্ববর্তী লালমাই সানন্দা পাহাড় এলাকার একটি বনভূমি থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এমপি মনিরুল হক চৌধুরী বলেন, "অপ্রতিম হত্যার মতো অমানবিক ঘটনা এই সময়ে ঘটতে পারে, তা আমি বিশ্বাস করতে পারছি না। এই ধরনের ঘটনার কোনো জবাব নেই। অপ্রতিমের মায়ের সঙ্গে দেখা করে কী জবাব দেব, জানি না। অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"
জাতির ইতিহাসে ঘটে যাওয়া লজ্জাজনক ঘটনার তালিকায় এই হত্যাকাণ্ডের স্থান রয়েছে উল্লেখ করে এমপি আরও বলেন, "এ ঘটনায় সবার বিবেক জাগ্রত হওয়া উচিত। আগামী ৩ মাসের মধ্যে এ ঘটনার বিচার নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে।"
উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার বাবা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। একই সময় অপ্রতিমের মা ড. নাহিদা বেগম ফেসবুকে ছেলের নিখোঁজের বিষয়টি জানান এবং তাকে ফিরিয়ে দেওয়ার আকুতি জানান।
স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী অপ্রতিমের হত্যায় জড়িত সন্দেহে পুলিশ তুহিন নামের এক যুবককে আটক করেছে। সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মোবাইল ফোন চুরির প্রেক্ষিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে তারা অনেকটা নিশ্চিত। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে, অপ্রতিমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।