চট্টগ্রামের কোতোয়ালি থানার সতীশ বাবু লেন এলাকায় রিকশা আটকে যাত্রীর মালামাল ছিনতাইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে এই ঘটনার দৃশ্যভিত্তিক ক্লিপটি প্রকাশের পর তা দ্রুত ভাইরাল হয়।
ভিডিওতে দেখা যায়, দুই ছিনতাইকারী একটি রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে টাকা-পয়সা ও মুঠোফোন কেড়ে নিচ্ছেন। যাত্রীর প্যান্টের ডান পকেটে থাকা কিছু জিনিস বের করতে না পারায় এক ছিনতাইকারী ছুরি দিয়ে পকেট কাটতে শুরু করেন। অন্যজন যাত্রীর দিকে ছুরি ধরে রাখেন। এ সময় যাত্রী ‘আরে ভাই, দিতাছি তো’ বলে প্রতিবাদ করলেও ছিনতাইকারীরা থামেনি। এমনকি যাত্রী নড়াচড়া করলে এক ছিনতাইকারী তাঁর বাঁ পায়ে ছুরি দিয়ে আঘাত করেছেন বলে ভিডিওতে উল্লেখ করা হয়েছে।
ছিনতাইয়ের এই দৃশ্য দেখে আশপাশের এলাকাবাসী চিৎকার করে ওঠেন। ভিডিওতে ‘এই, এই, মার-মার’ ধ্বনি শোনা গেছে। স্থানীয়দের হৈচৈ এবং চিৎকারে ভয় পেয়ে ছিনতাইকারীরা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে সেখান থেকে পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যকে দাবি করা হয়েছে, ভোরে এই ঘটনা ঘটেছে। তবে পুলিশ বিষয়টির সঠিক সময় সম্পর্কে এখনও নিশ্চিত নয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু যায়েদ মোহাম্মদ নাজমুন নূর মুক্তকণ্ঠকে জানান, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। তবে এ বিষয়ে কোনো ভুক্তভোগী থানায় আসেননি। বিষয়টি জানার পর আমরা এলাকায় টহল জোরদার করেছি।’