চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে পঞ্চবটী চা-বাগানে ঢোকার মুখে সহকারী ব্যবস্থাপক ও এক পল্লিচিকিৎসককে কুপিয়ে ৭ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে চারজনের একটি ছিনতাইকারী দল। আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণহাট ইউনিয়নের মির্জারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন চা-বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল কান্তি দাশ ও পল্লিচিকিৎসক বাবুল কান্তি দাশ।

পুলিশ ও বাগান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুর সাড়ে ১২টার দিকে নেপাল কান্তি দাশ ও বাবুল কান্তি দাশ নারায়ণহাট কৃষি ব্যাংক শাখা থেকে চা-বাগানের ৭ লাখ ২০ হাজার টাকা তুলে ফিরছিলেন বাগানের সহকারী ব্যবস্থাপক। ছিনতাইকারীরা আগে থেকেই বাগানের প্রবেশমুখে ওত পেতে ছিল। বাগানের প্রবেশমুখে পৌঁছালে চারজন তাঁদের পথ আটকে দাঁড়ায়। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে টাকার ব্যাগ নিয়ে তারা মোটরসাইকেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে চা-বাগান এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিকেলে বাগান এলাকা থেকে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। আটক ব্যক্তিরা হলেন মুহাম্মদ আবু (২৩) ও মুহাম্মদ জিহান (২৫)।

পুলিশ ঘটনাস্থলে গেলে আটক দুজনকে ছিনিয়ে নিয়ে মারধরের চেষ্টা করেন উত্তেজিত লোকজন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ মুক্তকণ্ঠকে বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা এবং লুট হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।