বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঘোষণা দিয়েছেন যে, যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে ৫০ শয্যার আধুনিক হাসপাতালে রূপান্তর করা হবে। পাশাপাশি সেবার মান ও পরিসর বৃদ্ধির লক্ষ্যে ২০২৮ সালের জুন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে প্রতিষ্ঠানটিতে একটি ৯ তলা ভবন নির্মাণের সরকারি পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন সিজারিয়ান সেকশন সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "বর্তমানে ২০ শয্যার এই সেবা প্রতিষ্ঠানটিকে প্রথম ধাপে ৩০ শয্যা এবং পর্যায়ক্রমে ৫০ শয্যার হাসপাতালে রূপান্তরিত করা হবে।"

অস্ত্রোপচার ও ধাত্রীসেবার সুযোগের অভাবের বিষয়টি তুলে ধরে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পরপরই কেন্দ্রটির বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশাসনিক ও অবকাঠামোগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীলতার তাগিদ দিয়ে তিনি নির্দেশ দেন, ‘যথাসময়ে অফিসে আসতে হবে এবং দায়িত্বশীলতার সঙ্গে সেবা দিতে হবে। ভর্তি রোগী কিংবা বহির্বিভাগে সেবা নিতে আসা কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।’

জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনসহ পরিবার পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।