দেশব্যাপী তীব্র গ্যাস সংকটে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার পরিস্থিতিতে স্বস্তির খবর দিল বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে অবস্থিত তিতাস গ্যাসক্ষেত্রের সি-লোকেশনের ২৮ নম্বর কূপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
বিজিএফসিএল সূত্রে জানা গেছে, এই নতুন কূপ থেকে প্রতিদিন জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস। এটি চলমান গ্যাস সংকট কিছুটা হলেও দূর করতে সহায়ক হবে বলে আশাবাদ প্রকাশ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয় এবং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রকল্পের বিবরণ অনুযায়ী, ঠিকাদারি প্রতিষ্ঠান ‘সানকেইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ (সিসিসিডি) গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু করে। এর আগে ১০ এপ্রিল স্বাক্ষরিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্র ও প্রয়োজনীয় মালামাল স্থানান্তরের কাজ সম্পন্ন হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে এখন কূপটি বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে।