ফরিদপুরের কোতোয়ালি থানার বাঁখুণ্ডা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রাজমিস্ত্রি মো. শাওন হোসেন (২৪) ও দিনমজুর হৃদয় শেখ (২০)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে নয়টার দিকে মো. কাওসার মিয়ার নির্মাণাধীন ভবনের নতুন সেপটিক ট্যাংকের ছাদ খোলার কাজ করতে নামেন রাজমিস্ত্রি শাওন হোসেন। কিছুক্ষণ পর তিনি ট্যাংকের ভেতরে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য ট্যাংকে নামেন দিনমজুর হৃদয় শেখ। কিন্তু তিনিও সেখানে অসুস্থ হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সকাল ১০টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে শাওন হোসেনের মৃত্যু হয়। এরপর দিবাগত রাত দেড়টার দিকে হৃদয় শেখও মারা যান।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমান জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শাওনের মরদেহ বুধবার এবং হৃদয়ের মরদেহ বৃহস্পতিবার ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মুক্তকণ্ঠকে বলেন, "এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যুর মামলা হয়েছে।"