সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফুলজোড় নদীতে অনুষ্ঠিত পানসি নৌকাবাইচ প্রতিযোগিতার সময় দুই দলের মাঝিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের ফুলজোড় নদীতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতা শুরু হওয়ার কিছুক্ষণ পরই দুটি নৌকা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। একপর্যায়ে একটি নৌকা অন্যটিকে চাপ দিলে পেছনের নৌকার মাঝিরা তাতে আপত্তি জানান। এরপর বাগ্‌বিতণ্ডা তীব্র আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে আহতদের মধ্যে ১০ থেকে ১২ জনের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, "নৌকাবাইচে সংঘর্ষের বিষয়টি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। ঘটনাটির খোঁজখবর নেওয়া হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।"

এখন পর্যন্ত সংঘর্ষের কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।