একই ব্যক্তির ছবি ব্যবহার করে ৮০টি ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির অভিযোগে রবিউল ইসলাম রনি (২১) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় ডিবি পুলিশ এই অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনা পৌরসভার পুরাতন কোর্ট রোডের দত্ত মার্কেটে অবস্থিত ‘সিদ্দিক কর্ণার ভ্যারাইটিস স্টোরে’ অভিযান চালায় ডিবি। এসআই মো. আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে রনিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি টাঙ্গাইলের মধুপুর থানার গাংগাইর গ্রামের মো. রফিকুল ইসলাম ও মোছা. রুমা ইসলাম দম্পতির ছেলে।

গ্রেপ্তারের পর তল্লাশিকালে তার কাছ থেকে এ-ফোর সাইজের কাগজে প্রিন্ট করা সাতটি জাল এনআইডির সামনের অংশ এবং ছয়টি পেছনের অংশ উদ্ধার করা হয়। পুলিশ লক্ষ্য করে, উদ্ধারকৃত কার্ডগুলোতে ছবি একই ব্যক্তির হলেও নাম, পিতার নাম, জন্মতারিখ, এনআইডি নম্বর ও ঠিকানা ভিন্ন ভিন্ন দেওয়া ছিল।

তদন্তের অংশ হিসেবে রনির ব্যবহৃত মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, অন্য একটি নম্বরে জালিয়াতির মাধ্যমে তৈরি করা অন্তত ৮০টি ভুয়া এনআইডির সফটকপি পাঠানো হয়েছে। এসব কার্ডেও একই ছবি ব্যবহার করে ভিন্ন আইডি নম্বর ও ঠিকানা ব্যবহার করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে রনিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে আলামত জব্দ করা হয়। এই ঘটনায় নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের ধারণা, এসব জাল এনআইডি ব্যবহার করে বড় ধরনের প্রতারণাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হতে পারত। ঘটনার সঙ্গে জড়িত চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।