বাংলাদেশে মেধাবী নেতৃত্ব থাকার পরও দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেন, "বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব থাকলেও দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে"।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ীর কনভেনশন সেন্টারে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি।

সিবগাতুল্লাহ সিবগা আরও বলেন, "শিবির সেক্রেটারি বলেন, বাংলাদেশ মেধাবীরা চালাচ্ছে। কিন্তু বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। সরকারি কর্মকর্তারা বড় বড় জায়গায় বসে আছেন, অথচ তাদের অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িত। মন্ত্রী-এমপিদের মধ্যেও অনেকে দুর্নীতির সঙ্গে জড়িত।" তিনি উল্লেখ করেন, সংসদের অনেক সদস্য ঋণখেলাপি। তারা ব্যাংক থেকে ঋণ নিয়ে ফেরত দেয় না। এ ধরনের অনিয়ম ও দুর্নীতির কারণে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে সিবগাতুল্লাহ সিবগা বলেন, শুধু ভালো ফলাফল করা বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই সফলতা নয়। শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে থেকে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখা এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪০০-এর বেশি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের হাতে গিফট বক্স, কুরআন শরিফ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পাশাপাশি তাদের জন্য নাশতার আয়োজন করা হয়।

আবু তাহের এম তানভীরের সভাপতিত্বে এবং হাসান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম, ইঞ্জিনিয়ার আলী আহমেদ তাহকিক এবং ফরিদপুর মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ইউনুছ আলী মোল্লা।