বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) কেমব্রিজ ও এডএক্সেল কারিকুলামের এ-লেভেল ও ও-লেভেল পরীক্ষায় উচ্চমান অর্জনকারী ২১০ জন শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে। উচ্চশিক্ষার পথে তাদের উৎসাহিত করার লক্ষ্যে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

গত বুধবার চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম। বিশেষ অতিথি ছিলেন আইইউবির স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন কে আয়াজ রাব্বানী, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আসিফ পারভেজ, নগর–পরিকল্পনাবিদ প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক আদনান মান্নান এবং চট্টগ্রামের প্রথম এভারেস্টজয়ী বাবর আলী।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইউবির অ্যাডমিশনস, ফিন্যান্সিয়াল এইড অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনসের পরিচালক লিমা চৌধুরী, উপপরিচালক প্রিয়াঙ্কা দে, আউটরিচ অফিসার মো. ফুয়াদ হোসেন এবং হুইজ কমিউনিকেশনসের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল। স্বাগত বক্তব্য দেন হুইজ কমিউনিকেশনসের পরিচালক (অ্যাডমিন অ্যান্ড প্ল্যানিং) কাজী আরফাত।

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চট্টগ্রামের সৌন্দর্য ও ঐতিহ্য তুলে ধরে নৃত্যরূপের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন, যা পরিচালনা করেন প্রিয়াঙ্কা বড়ুয়া। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়াও জাদুশিল্পী রাজীব বসাকের জাদু প্রদর্শন এবং সংগীতশিল্পী শান্তনু দত্তের গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি হয়েছিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ।