বাড়িতেই সহজে তৈরি করে ফেলুন তালের পায়েস। প্রয়োজনীয় উপকরণ ও রান্নার পদ্ধতি নিচে দেওয়া হলো।
উপকরণ: পাকা তাল ১টি বড়, আতপ চাল ৫০ গ্রাম (প্রায় সিকি কাপ), দুধ দেড় লিটার, এলাচি ৩-৪টি, তেজপাতা ১টি, চিনি আধা কাপ বা স্বাদ অনুযায়ী, খেজুরের গুড় ২-৩ টেবিল চামচ (ঐচ্ছিক), ঘি ১ চা-চামচ, নারকেল কোরানো ২ টেবিল চামচ (ঐচ্ছিক), কাজু বা কিশমিশ সামান্য।
প্রণালী: তালের পায়েস বানাতে প্রথমে তাল চেঁছে অল্প পানি দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। তারপর ছাঁকনি দিয়ে ক্বাথ ছেঁকে নিতে হবে, যাতে আঁশ ও আঁটি বাদ পড়ে যায়। আতপ চাল ধুয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর একটি ভারী হাঁড়িতে দুধ, তেজপাতা ও এলাচি দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। দুধ কিছুটা কমে এলে তাতে ভেজানো চাল দিয়ে দিতে হবে। চাল নরম হয়ে গেলে সিকি কাপ কিংবা এক কাপের তিন ভাগের এক ভাগ তালের ক্বাথ দিয়ে নাড়তে থাকতে হবে। আরও ১০-১৫ মিনিট অল্প আঁচে রান্না করতে হবে। তালের ক্বাথ দেওয়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে দুধ কেটে যেতে পারে। এরপর চিনি দিতে হবে, চাইলে খেজুরের গুড়ও দেওয়া যাবে। মিশ্রণ ঘন হয়ে এলে ঘি, নারকেল, কাজু বা কিশমিশ দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করতে হবে। চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা করে পরিবেশন করলে তালের স্বাদ আরও ভালো লাগে।