সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে এক নৌযান শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শিপু মিয়া। তিনি উপজেলার বালিজুরী গ্রামের আতাউর রহমানের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিপু মিয়া ইঞ্জিনচালিত নৌযানে করে দেশের বিভিন্ন এলাকায় কয়লা ও চুনাপাথর পরিবহন করতেন। বাগলি শুল্কস্টেশন থেকে ময়মনসিংহের চারঘাটে চুনাপাথর নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তিনি ও একই গ্রামের প্রতিবেশি ইঞ্জিনচালক মোজ্জামিল হক বাড়ি থেকে রওনা হন।

পথে মাটিয়ান হাওরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া গুরুতর আহত হন। পরে ইঞ্জিনচালক মোজাম্মিল হক আহত শিপু মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে একজন নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।"