২০০১ সালে যাত্রা শুরু করার পর থেকে গ্রাহককেন্দ্রিক চিন্তাকে প্রাধান্য দিয়ে আসছে ব্র্যাক ব্যাংক। আধুনিক নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সাথে ব্যক্তিগত যাতায়াতের চাহিদা বাড়লেও পরিবেশ সুরক্ষার বিষয়টি এখন অত্যন্ত জরুরি। এই প্রেক্ষাপটে পরিবেশবান্ধব গাড়ি কেনায় গ্রাহকদের উৎসাহিত করতে বিশেষ সুবিধা ঘোষণা করেছে ব্যাংকটি।
হাইব্রিড ও ইলেকট্রিক গাড়ি (ইভি) কেনার ক্ষেত্রে আকর্ষণীয় অফার ও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইভি বা হাইব্রিড গাড়ির মূল্যের সর্বোচ্চ ৮০ শতাংশ বা সর্বোচ্চ ৮০ লাখ টাকা পর্যন্ত অটো লোন দেওয়া হয়। দেশের সাধারণ ও মধ্যবিত্ত গ্রাহকরা যেন সহজেই পরিবেশবান্ধব গাড়ির মালিক হতে পারেন, সে জন্য মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট এবং ১২ থেকে ৭২ মাসের সহজ কিস্তিতে (ইএমআই) গাড়ি কেনার সুযোগ করে দেওয়া হয়েছে।
নারীর ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংক সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে। ব্যাংকের বিশেষায়িত উইং ‘তারা’-এর মাধ্যমে নারী গ্রাহকরা পরিবেশবান্ধব গাড়ি কেনায় অগ্রাধিকার, সহজ শর্ত এবং ক্রেডিট কার্ডে কম সুদের সুবিধা পাচ্ছেন।
গ্রাহকদের ব্যাংকিং অভিজ্ঞতা স্বাচ্ছন্দ্যময় করতে অটো লোন প্রক্রিয়াকরণকে আগের চেয়ে অনেক সহজ ও দ্রুত করা হয়েছে। দেশজুড়ে দুই হাজারের বেশি টাচ পয়েন্ট এবং সুদক্ষ লোন প্রসেসিং টিমের কারণে যাচাই-বাছাইয়ের সময় অনেক কমে গেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক আয় ৪০ থেকে ৫০ হাজার টাকা হলেই অটো লোনের আবেদন করা যায়। ‘আস্থা’ অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই প্রাথমিক আবেদন করার সুযোগ রয়েছে। এরপর ব্যাংকের প্রতিনিধি ডোরস্টেপ সার্ভিসের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেন।
এ ছাড়া স্বনামধন্য গাড়ির ব্র্যান্ডগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব রয়েছে। বর্তমানে নির্দিষ্ট মডেলের হুন্দাই গাড়ির ক্ষেত্রে শূন্য প্রসেসিং ফি ও বিশেষ মূল্যছাড়সহ নানা সুবিধা দেওয়া হচ্ছে। পরিবেশ সুরক্ষায় রিকন্ডিশন্ড ও নতুন হাইব্রিড গাড়ির লোনকে সহজলভ্য করার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য একটি দূষণমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ গড়াই ব্র্যাক ব্যাংকের দীর্ঘমেয়াদি লক্ষ্য।
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক