পিরোজপুরের কাউখালীতে প্রায় চার দশক ধরে অবৈধভাবে দখলকৃত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জমি মুক্ত করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কাউখালী-কচুয়াকাটি বেইলি ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে একটি টিনশেড ভবনসহ মোট পাঁচটি অবৈধ দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময় পিরোজপুর জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. রুবাইয়াত ফেরদৌস এবং পিরোজপুর সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আলা আমিন সরেজমিন উপস্থিত ছিলেন। বুলডোজার দিয়ে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের সময় সড়কের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে ঘটনাটি পর্যবেক্ষণ করেন।
সওজ সূত্রে জানা যায়, কাউখালী-কচুয়াকাটি এলাকায় একটি আধুনিক পিসি গার্ডার সেতু নির্মাণের কার্যাদেশ প্রদান করা হলেও, সওজের জমি দখল করে অবৈধ স্থাপনা তৈরি করায় সেতুর কাজ বাধাগ্রস্ত হয়েছিল। বিষয়টি সমাধানের জন্য গত ১৪ সেপ্টেম্বরের মধ্যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ না করায় আদালতের নির্দেশনা ও জনস্বার্থ বিবেচনা করে এই অভিযান পরিচালনা করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে স্থানীয় বাসিন্দা সায়েম উদ্দিন প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "দীর্ঘদিনের পুরোনো অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের মাধ্যমে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। এখন সেতুর নির্মাণকাজ দ্রুত এগোবে এবং এলাকায় যানজটও কমবে।"
এ বিষয়ে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. রুবাইয়াত ফেরদৌস জানান, "জনস্বার্থে এবং আদালতের আদেশে এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"