ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড একাদশ শ্রেণির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, আগামী ২৪ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল আগামী ২৩ সেপ্টেম্বর। তবে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ওই দিন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় ক্লাস শুরুর তারিখ পরবর্তী দিন ২৪ সেপ্টেমরে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, গত ২ সেপ্টেম্বর একাদশে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের জন্য অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়। এতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। আজ রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।