বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এসএসসি ও সমমানের পরীক্ষার পুননিরীক্ষণের ফল প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই ফলাফল ঘোষণা করা হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, পুননিরীক্ষণে মোট ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী ফেল থেকে পাসের মর্যাদা লাভ করেছেন। এছাড়াও নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে সক্ষম হয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সূত্র জানিয়েছে, মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুননিরীক্ষার আবেদন করা হয়েছিল। এর মধ্যে পূর্বে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। আর ৫৬ হাজার ২৫৯ জন শিক্ষার্থীর নম্বর সংশোধন করা হয়েছে।

এ বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি বোর্ডে মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়। সেই ফলাফলে পাশের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। ওই পরীক্ষায় মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।