ঢাকার ধামরাইয়ে চলন্ত প্রাইভেটকারে এক যাত্রীর হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং হত্যার হুমকি দিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগীর ফোনে থাকা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দুটি ব্যাংক হিসাব থেকে আরও দেড় লাখ টাকা তুলে নেওয়া হয় বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধামরাই থানায় অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী মো. আসিফ আহমেদ (৩২)। তিনি ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বাসিন্দা।
অভিযোগে আসিফ আহমেদ জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে জয়পুরা থেকে মানিকগঞ্জ যাওয়ার জন্য বাস না পেয়ে তিনি ভাড়ায় একটি সাদা প্রাইভেটকারে ওঠেন। পাল সিএনজি ও কালামপুরের মাঝামাঝি এলাকা অতিক্রম করার সময় গাড়ির অন্য যাত্রীরা তাকে লক্ষ্য করে। চলন্ত অবস্থায় গাড়িতে থাকা চার ব্যক্তি তার ওপর হামলা চালান। পরে তাঁর হাত-পা ও চোখ বেঁধে মারধর করা হয়। অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে তাদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন নিয়ে নেওয়া হয়। অভিযোগে বলা হয়, তার মুঠোফোনে ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংকের ব্যাংকিং অ্যাপ চালু ছিল। অপরাধীরা ওই অ্যাপ ব্যবহার করে ইসলামী ব্যাংক থেকে ৫০ হাজার টাকা এবং উত্তরা ব্যাংক থেকে ১ লাখ টাকা তুলে নেয়।
প্রথমে ব্যাংক হিসাব থেকে আসিফের ব্যবহৃত বিকাশ নম্বরে টাকা পাঠানো হয়। এরপর বিভিন্ন সময়ে বিভিন্ন দোকান থেকে ওই টাকা তুলে নেওয়া হয়। তার মুঠোফোনে থাকা নগদ হিসাবেও টাকা পাঠানো হয় এবং সেখান থেকেও টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া অভিযুক্ত ব্যক্তিরা তাদের ব্যবহৃত একটি বিকাশ নম্বরের মাধ্যমেও টাকা লেনদেন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে ডাচ্-বাংলা ব্যাংকের দুটি এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের তথ্যও উল্লেখ করেছেন আসিফ।
আসিফ আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ছিনিয়ে নেওয়া টাকা ও মুঠোফোন উদ্ধারে তিনি পুলিশের সহযোগিতা চান।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।"